‘রূপনগর’-এর ১০০তম পর্ব উদযাপন

Printed Edition
bino-3
‘রূপনগর’-এর ১০০তম পর্ব উদযাপন

বিনোদন প্রতিবেদক

দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’ এরই মধ্যে ১০০তম পর্ব পার করেছে। ১০০তম পর্ব প্রচার উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দীপ্ত টিভিতেই শততম পর্ব প্রচার উদযাপন করা হয়। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হয়।

নাটকটি রচনা করেছেন লিটু নাখাওয়াত ও পরিচালনা করেছেন গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ। এরই মধ্যে নাটকটিতে আরো বেশকিছু শিল্পী যুক্ত হয়েছেন। নাটকটির শততম পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কায়সার আহমেদ, প্রধান সহকারী পরিচালক জীবন রায়সহ অভিনয়শিল্পী ওবিদ রেহান, সুমনা সোমা, আনিকা কবির শখ, এমিলা, আঁখি, শিবলী নোমানসহ আরো অনেক অভিনয় শিল্পী। শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত মেগা এই ধারাবাহিকের শততম পর্ব প্রচার সম্পন্ন হবার কারণে। আনিকা কবির শখ বলেন, ‘কায়সার ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা।

বিচক্ষণ একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তবে রূপনগরে কাজ করে আমি মুগ্ধ। এই নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি আমি। আশা করছি আগামীতেও এই নাটকের জনপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা আরো বাড়বে। ধন্যবাদ জীবন দাদাকেও সবসময় আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য।

সব শিল্পী কলাকুশলীর জন্য অনেক অনেক শুভ কামনা।’ নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ সবাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে অভিনয় করেন। সবাই যার যার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আন্তরিক চেষ্টা করেন। বিশেষত যারা সিনিয়র শিল্পী আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। কারণ তারা অনেক ধৈর্য ধরে গল্প বুঝে অভিনয় করেন। কৃতজ্ঞ দীপ্ত চ্যানেল কর্তৃপক্ষের কাছে।

রূপনগরকে ভালোবেসে গ্রহণ করার জন্য দর্শকের প্রতিও কৃতজ্ঞ আমি।’ অভিনেত্রী সানজিদা কানিজ বলেন, ‘এই নাটকে নতুন শিল্পী হিসেবে যুক্ত হয়েছি। কিন্তু সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।’