ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলা সাহিত্যের শক্তিমান কবি ফররুখ আহমদকে কেন্দ্র করে গড়ে ওঠা গবেষণা প্রতিষ্ঠান ‘ফররুখ গবেষণা ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৯ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

গত শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ড. আবুল কাশেম হায়দারের সভাপতিত্বে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ আবদুল হালিম, মাহবুবুল হক ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ ছাড়া ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

অধ্যাপক সিরাজউদ্দীন আহমদের মৃত্যুর ফলে কমিটিতে সভাপতির পদ শূন্য ছিল। সর্বসম্মতিক্রমে ফাউন্ডেশনের সহসভাপতি ড. আবুল কাশেম হায়দার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন। মোহাম্মদ জসিমউদ্দিন পুনরায় নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি কবি, গবেষক ও সাংবাদিক ড. মাহবুব হাসান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন- সিরাজউদ্দীন মুহাম্মদ, সীমান্ত আকরাম, ইয়াসিন মাহমুদ, শাহাদাত সরকার, শামীমা চৌধুরী এবং তানজীনা বিনতে নূর। একইসাথে উপদেষ্টা পরিষদও পুনর্গঠন করা হয়েছে। এতে কবি হাসান আলীম, ড. ফজলুল হক সৈকত ও অধ্যাপক ড. শাহনাজ পারভীন নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক সিরাজউদ্দীন আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান এবং উপদেষ্টা কবি জাহানারা আরজুর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সভায় পূর্ববর্তী কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুন বাংলা একাডেমি প্রাঙ্গণে ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।