ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মহিলা জামায়াতের মানববন্ধন
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
সারা দেশে ধর্ষণ, নারী অবমাননা, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগ। মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, গত বছরও রমজান মাসে শিশু আছিয়া হত্যার প্রতিবাদে আমরা প্রথমে রাজপথে নেমেছিলাম। নির্বাচিত সরকারের অধীনে নারী ও শিশুরা বেশি নিরাপদ হবে- এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও দলীয় ছত্রছায়ায় অপরাধ, জুলুম ও নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের মহিলা বিভাগের সাংগঠনিক সম্পাদিকা উম্মে কানিজ জাহানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিসেস আয়েশা পারভীন, সাংগঠনিক সম্পাদিকা উম্মে ফাতেমা, সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা পারভীন এবং চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদিকা নাহিমা আকতার দীপা ও শিশু বক্তা সামারা বিনতে নোমান প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য খুরশিদ জাহান, শাহেদা মতিন, জয়নাব বেগম নাহিদ, রোকেয়া বেগম চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে সরকারের কাছে তিনি ১২টি দাবি জানানো হয়। সেগুলো হলো- সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববোধ থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, রাজনৈতিক দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে, বিচারের দীর্ঘসূত্রতা বন্ধ করতে হবে, নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া চালু করতে হবে, প্রতিটি মা-বোন ও শিশুর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, গ্রেফতারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে, অপরাধীদের গডফাদারদের বিচারের আওতায় আনতে হবে, মামলা নিতে গড়িমসি করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, শিশু নিরাপত্তা ও ধর্ষণ প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ও ধারাবাহিক ব্যবস্থা নিতে হবে, ভুক্তভোগীকে হয়রানি বা অপদস্থ করার সংস্কৃতি পরিহার করে তার পাশে দাঁড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে, বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।