কাঁঠালিয়ায় বিড়ি চাওয়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১
Printed Edition
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুয়েল তালুকদার নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চেঁচরীরাপুর ইউনিয়নের বানাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানাই বাজারের একটি দোকানে বিএনপির এক নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগি¦তণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয় এবং একপর্যায়ে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের আসবাবপত্র তছনছ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েল তালুকদার অভিযোগ করেন, ফয়সাল তালুকদার এই হামলার পেছনে ইন্ধন দিয়েছেন।
তবে অভিযুক্ত পক্ষ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ কাঁঠালিয়া থানা ওসি আবু নাছের রায়হান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।