খাটখালীতে পাউবোর জমি দখল করে স্থাপনা প্রশাসনের নীরবতা

Printed Edition
bangla-2
বাঁশখালীর খাটখালী পাউবোর জমি দখল করে স্থাপনা নির্মাণ : নয়া দিগন্ত

মুহাম্মদ দিদার হোসাইন বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার খাটখালী বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার নীরবতায় দখল ও নির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সরেজমিন দেখা যায়, বেড়িবাঁধসংলগ্ন পাউবোর প্রায় ২০ শতকের বেশি জমির ওপর দ্রুতগতিতে পাকা স্থাপনা নির্মাণ চলছে। স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহমান ও আব্দুস সালামের নেতৃত্বে এ নির্মাণকাজ হচ্ছে। শুরুতে পাউবো বাঁশখালী অফিসের এক কর্মকর্তা গোলাম কাদের বাধা দিলেও পরে আর কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এর সুযোগে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন দখলকারীরা।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের সাথে গোপন সমঝোতার মাধ্যমেই সরকারি জমি দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এতে সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত নির্বিকার ভূমিকা পালন করছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁশখালী কর্মকর্তা অনুপম পাল বলেন, নির্মাণকাজের খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাধা দিয়েছিলেন। তবে এরপরও কিভাবে কাজ চলমান রয়েছে এবং কেন আইনি ব্যবস্থা নেয়া হয়নি, এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে দখলদাররা পুরো এলাকা দখলে নিয়ে স্থায়ী স্থাপনা গড়ে তুলবে।