সোনারগাঁওয়ে এমপি প্রার্থীকে জরিমানা

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক এমপি প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে এ জরিমানা করা হয়। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী ঝিনুকের নেতৃত্বে কয়েকশ’ মহিলাকে নিয়ে তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ জানান, তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পাওয়া যায়। ফলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।