১০ বছর বাফুফের সঙ্গী বিএসআরএম
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে ১০ বছরের জন্য ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম। গতকাল বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ‘এটি বাফুফের জন্য অত্যন্ত সুখবর, কারণ এর আগে ফেডারেশনের সাথে এত দীর্ঘমেয়াদি কোনো পার্টনারশিপ হয়নি। বিএসআরএম যে স্থায়িত্ব, নিরাপত্তা ও শক্তির নীতিতে বিশ্বাসী, তার সাথে ফুটবলের উন্নয়ন দর্শনের মিল রয়েছে।’
চার বছর মেয়াদের বর্তমান বাফুফে নির্বাহী কমিটির এক বছর ইতোমধ্যে শেষ হয়েছে। তাবিথ আউয়াল মনে করেন, ব্যক্তি বা কমিটির মেয়াদ শেষ হলেও ফুটবল এবং বাফুফে-বিএসআরএম পার্টনারশিপ অব্যাহত থাকবে।
বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন জানান, ‘বিশ্বব্যাপী ফুটবল এক নম্বর খেলা, আর নির্মাণ খাতে বিএসআরএম এক নম্বর ব্র্যান্ড। তাই দেশের ফুটবলের বিকেন্দ্রীকরণ ও সামগ্রিক উন্নয়নে যুক্ত হওয়ার লক্ষ্যেই তারা বাফুফের পাশে দাঁড়িয়েছে। নারী ও পুরুষ উভয় দলের পারফরম্যান্সই এখন উজ্জ্বল। ধারাবাহিকতাকে আরো বিস্তার করতে তারা পার্টনার হতে আগ্রহী।’
বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, চুক্তিটি দশ বছরের হলেও পাঁচ বছর পর এর মূল্যায়ন করা হবে। প্রথম পাঁচ বছরে বিএসআরএম একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ বাফুফেকে প্রদান করবে। বর্তমানে পুরুষ জাতীয় দল, নারী দল, যুবদল ও লিগে পৃথক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা রয়েছে। বিএসআরএম কোন খাতগুলোতে সহায়তা করবে, তা পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে।