লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গফরগাঁওবাসী
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাতে দিনে ও রাতে সমান তালে চলছে লোডশেডিং। তীব্র বিদ্যুৎ সঙ্কট ও ঘন ঘন লোডশেডিংয়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসে চরম সঙ্কটে পড়েছে। ভ্যাপসা গরমে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
ভয়াবহ লোডশেডিং ও গরমে চলমান এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। সন্ধ্যা হলেই লোডশেডিং শুরু হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়ার টেবিলে বসতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। এ ছাড়াও স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা পড়েছে বেকায়দায়। বিশেষ করে ৮-৯ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তি পোহাচ্ছে। গফরগাঁও হাসপাতালের রোগীদের অবস্থা আরো ভয়াবহ।
গফরগাঁও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দিকে দ্রুত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গফরগাঁওবাসী।