গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে ৩৯ দিনব্যাপী কর্মসূচি জামায়াতের
শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
Printed Edition
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী’ উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ৩৯ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
ঘোষিত কর্মসূচি হলো-১ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, ৮-১৫ জুলাই জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (রংপুরে), ১৯ জুলাই ক) জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও খ) শহীদ পরিবার আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ, ২০-২৪ জুলাই গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম, ২৫-২৮ জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৯-৩০ জুলাই মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা, ১ আগস্ট জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন), ১-৩ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন, ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ এবং ৬-৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের নিয়ে আলোচনা সভা করবে জামায়াত।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি। জুলাই ঘোষণাপত্র সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা এই দাবি জানিয়ে যাব। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে সাত দফা দাবি ঘোষণা করা হয়েছে সেখানেও জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি উল্লেখ রয়েছে বলে তিনি জানান।