কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন
পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাপতি হলেন ড. মঈন খান
Printed Edition
সংসদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে এই প্রস্তাবগুলো উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।
চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের এমপি ডক্টর আবদুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মো: জুনায়েদ আবদুর রহিম সাকি, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের মোহাম্মদ শওকতুল ইসলাম, মহিলা আসন-৬-এর মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম খান মিলন এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। চিফ হুইপ কর্তৃক প্রস্তাবটি হাউজে তোলার পর স্পিকার কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।