কটিয়াদীতে একই রাতে মা ছেলের মৃত্যু
Printed Edition
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
মা-সন্তানের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ ও অনন্য। মা বেঁচে থাকতেই সন্তানের মৃত্যুর সংবাদ সবচেয়ে বেদনাবিধুর ঘটনা। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। ছেলের মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে মায়েরও মৃত্যু হয়েছে।
কটিয়াদী উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৫) মারা যান।
গত শনিবার রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শাহীন সহশ্রম ধুলদিয়া রায়খলা গ্রামের মৃত মনির উদ্দিনের বড় ছেলে।
এদিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টা পর তার মা জুবাইদা মনি (৮০) মারা যান। মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে তার মায়ের মৃত্যু হয়েছে।
শাহীনের ভাই মোস্তফা কামাল বলেন, ‘আমার মা খুবই অসুস্থ ছিলেন। গত রাতে বিষয়টি আমার বড় ভাই শাহীনকে জানানোর পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। পরে রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে তিনি মারা যান।