ইরাকের আকাশসীমা ব্যবহার করে গোয়েন্দা নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : ইরানি রাষ্ট্রদূত

Printed Edition

মেহের নিউজ

ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল সাদেক অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের ভূখণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। শনিবার ইরাকি গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, ‘তেহরান ইতোমধ্যে মার্কিন গোয়েন্দা ফ্লাইট শনাক্ত করেছে, যেগুলো ইরাকি আকাশসীমা দিয়ে ইরানের ওপর নজরদারি চালাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র ইরাকি আকাশসীমায় ইসরাইলি ফ্লাইটগুলোকেও সমর্থন দিচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

ইরান যেকোনো শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘ইরাকের সার্বভৌমত্ব ও দেশটির সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই এ জবাব দেয়া হবে।’ তিনি আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে আকাশসীমা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সমন্বয় অপরিহার্য।’ মার্কিন নজরদারি ফ্লাইটের প্রসঙ্গ টেনে তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে বহিরাগত সামরিক শক্তির ওপর নির্ভরতা থেকে সরে আসার আহ্বান জানান। আল সাদেক আরো বলেন, ‘নিরাপত্তা সম্পূর্ণভাবে একটি অভ্যন্তরীণ ও আঞ্চলিক বিষয়। আমরা আশা করি, ইরাকসহ এ অঞ্চলের দেশগুলো বিদেশী নজরদারি ও হস্তক্ষেপের পরিবর্তে আঞ্চলিক সংলাপকে অগ্রাধিকার দেবে।’