বাউবিকে আন্তর্জাতিক মানে রূপান্তরে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য : নবনিযুক্ত ভিসি
Printed Edition
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। গতকাল শুক্রবার বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অধ্যাপক সিদ্দিক আরো বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চার কেন্দ্র নয়, এটি একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা প্রাণবন্ত প্রতিষ্ঠান। শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব। তিনি বলেন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল লার্নিং উন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম প্রণয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি তার অগ্রাধিকার। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে।
ভিসি শিক্ষকদেরকে শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধ বিকাশে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. আদনান আরিফ সালিম, প্রকাশনা, মুদ্রণ ও বিভাগের পরিচালক মোহাম্মদ আলী এবং কর্মচারীদের পক্ষে হুমায়ন কবির বাদশা।
এর আগে ভিসি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রথমে বাউবির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ‘জুলাই জাগরণী’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এ আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালকরাসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও আঞ্চলিক ও উপ-আঞ্চলিক প্রধানগণ ভার্চুয়ালি (জুমে) সংযুক্ত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।