ঠাকুরগাঁওয়ে তারুণ্য উৎসব
বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে দেশের মানুষের আকাক্সক্ষায়: সাদিক কায়েম
Printed Edition
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, এখন থেকে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে দেশের মাটি ও মানুষের আকাক্সক্ষা দ্বারা, কোনো বিদেশী প্রেসক্রিপশনে নয়। দেশের পরিবর্তন আর নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে হবে তরুণদেরকেই। তরুণরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে সমর্থন করলে জাতীয় পর্যায়ে বড় ধরনের পরিবর্তন সম্ভব। গতকাল দুপুরে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রানীশংকৈল) জামায়াত আয়োজিত পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ‘তারুণ্যের উৎসবে’ -প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। ভিপি সাদিক কায়েম বলেন, “গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে বাংলাদেশ বদলে যাবে। জুলাইয়ের আন্দোলনে তরুণদের নেতৃত্বই সারা দেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছে। তরুণরা যেদিকে যাবে বাংলাদেশও সেদিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি”।
তিনি আরো বলেন, ‘বিগত ১৬ বছর ধরে বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি। কিন্তু যখন তরুণরা নেতৃত্ব দিয়েছে, তখন সেই আন্দোলন সফলতার মুখ দেখেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।’
ডাকসু সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (রাকসু) কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির উদাহরণ তুলে ধরে বলেন, দেশের তরুণরা ‘ইনসাফ’ ও ‘ন্যায়ভিত্তিক রাজনীতির’ প্রতি ঝুঁকছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সৎ মানুষদের নির্বাচিত করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে।
এ সময় ঠাকুরগাঁওয়ে তিনটি নির্বাচনী আসনে জামায়াত প্রার্থী, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে মাওলানা আবদুল হাকিম ও ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে মিজানুর রহমান মাস্টারের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, বাংলাদেশের মানুষের সামনে এখন ভোটদানের মাধ্যমে তাদের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ এসেছে। অতীতে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতার বিশাল ত্যাগের বিনিময়ে দেশবাসী তাদের অধিকার ফিরে পেয়েছে। এবার মানুষ তাদের ভোট দিয়ে নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। যারা ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কাজ করবেন। দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি লুটতরাজ টাকা পাচার বন্ধ হবে। এ জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জানান মিজানুর রহমান মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল হাকিম, গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতিকে ‘ফ্যাসিবাদী কাঠামো’ বলে উল্লেখ করেন এবং বলেন দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক, চোরাচালান বন্ধ করা হবে। সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থান গড়ে তোলা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ‘ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল; কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে ভারতের চাপে। নতুন বাংলাদেশে আর কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না। বিমানবন্দরটিকে আবার সচল করতে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন। জামায়াত প্রার্থীরা নির্বাচিত হলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রমজীবী মানুষের জীবনমানসহ নানা সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এসব খাতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশে যোগ দিয়ে সেখানও বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিগবাতুল্লাহ। বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল হাকিম।