বগুড়ায় একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে হত্যা

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শাহাজাহানপুর উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি হাতুড়ি ও দু’টি রাম-দা উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রকি মাহমুদ (২৬)। তিনি শাজাহানপুর থানার গ-গ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। রকি মাহমুদ এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। তিনি অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে গাক চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, রকি এলাকার মানুষকে জিম্মি করে বাড়ি নির্মাণ কাজে জোর করে ইট-বালু বিক্রি করতেন। এ ছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। নিহত রকির বাবা বেলাল হোসেন বলেন, কয়েকজন যুবক তাকে ডেকে এনে খুন করেছে। তবে কী কারণে রকি খুন হলো সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলতে পারেননি।

সদর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকি অস্ত্র, মাদক, ছিনতাই, ছুরিকাঘাতসহ একাধিক মামলার আসামি। দেড় মাস আগে জেল থেকে জামিনে মুক্ত হন তিনি।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, রকিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা থাকতে পারে এবং রকির পরিচিতরাই জড়িত।