সাংবাদিকদের সাথে জামায়াত আমিরের মতবিনিময়

সিলেটের দীর্ঘদিনের সম্প্রীতি সৌহার্দ্য অটুট রাখতে হবে

Printed Edition

সিলেট ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সিলেটের কৃতী সন্তান ডা: শফিকুর রহমান বলেছেন, সিলেট সম্প্রীতির শহর। সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐক্য এবং ঐতিহ্য অনেক শক্তিশালী। যেকোনো সঙ্কট বা সমস্যায় সবাই মিলে কাজ করতেন। কে কোন দল বা মতের তা বিবেচনায় না নিয়ে সামাজিক প্রয়োজন সবার আগে গুরুত্ব দেয়া হতো। কিন্তু বিগত পনেরো বছরে আমাদের সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গিয়েছিল। তাই আমাদের সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সৌহার্দ্য আবার ফিরিয়ে আনতে হবে। সম্প্রীতিই হতে পারে সিলেটের উন্নয়নের ভিত্তি। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদ-এর আয়োজনে সিলেটে কর্মরত সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার আঞ্চলিক দায়িত্বশীলদের সাথে চা চক্র ও মতবিনিময়ে একথা বলেন।

ডা: শফিক বলেন, যে ধর্মের মানুষই হই, অন্য ধর্মের প্রতি সহনশীল হবো। রাজনীতির ক্ষেত্রে ভিন্ন মতাদর্শের রাজনীতিকে সম্মান করব, নিজেরটাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু অন্যকে হেয় করব না। এ জায়গায় যদি সিলেট পথ দেখাতে পারে আগের মতো, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে।

জামায়াত আমির সিলেটে তার দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণে সাংবাদিকদের অবদানের কথা মনে করে বলেন শাবিপ্রবির হলের নামকরণ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে সাংবাদিকরা তাদের পাশে ছিলেন। তিনি বলেন সাংবাদিকরা জীবনের ঝুঁঁকি নিয়ে কাজ করেন কিন্তু পিছপা হন না। তারা অনেক প্রতিকূলতার পরও সমাজ এগিয়ে নিতে কাজ করে যান। তিনি বলেন সাংবাদিক ও সুশীল সমাজ সৎ হলে সমাজ এগিয়ে যায়। আমাদের সে লক্ষ্যেই কাজ করতে হবে। পরে তিনি মতবিনিময়ে উপস্থিত সাংবাদিকদের পরামর্শ নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।