সিংড়ায় নিজ দলের কর্মীরা কুপিয়েছে বিএনপি নেতাকে

Printed Edition

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রায়হান কবির (৩৫) নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিল তাজপুর ডুবন্ত সড়কে পথরোধ করে তার দুই পা কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

আহত রায়হান কবির ইতালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাটোর-৩ সিংড়া আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের কর্মী বলে জানা গেছে।

রায়হান কবিরের বড় ভাই আব্দুল করিম অভিযোগ করে বলেন, ধানের শীষের পক্ষে না থাকায় এ হামলা চালানো হয়েছে। হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান ওরফে সোহানের নেতৃত্বে রহিদুল, আওয়াল ও ফরহাদসহ কয়েকজন এতে জড়িত। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

অভিযুক্ত সোহানুর রহমান দাবি করেন, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না; এটি পারিবারিক দ্বন্দ্ব থেকে ঘটেছে এবং তাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ হামলাকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, দলের নামে সহিংসতা বরদাশত করা হবে না। অপরদিকে ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: শিবলী লোমানী জানান, আহতের দুই পায়ে ওপেন ফ্র্যাকচার রয়েছে। সিংড়া থানার ওসি আসম আব্দুর নুর বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।