নতুন আইফোন, আইপ্যাড এয়ার ও ম্যাকবুক আনল অ্যাপল

Printed Edition
pro-1
নতুন আইফোন, আইপ্যাড এয়ার ও ম্যাকবুক আনল অ্যাপল

আহমেদ ইফতেখার

আইফোন ১৭ সিরিজের নতুন সংস্করণ ‘আইফোন ১৭-ই’ উন্মোচন করেছে অ্যাপল। একই সাথে এম-৪ চিপসহ হালনাগাদ আইপ্যাড এয়ারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আইফোন-১৭-ইর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। একই সিরিজের আইফোন-১৭-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে। ফলে তুলনামূলক কম দামের এই সংস্করণ দিয়ে মিড রেঞ্জের বাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থান নিতে চাইছে অ্যাপল। এ দামের পরিসরে মূল্যসংবেদনশীল বাজারগুলোতে স্যামসাং, গুগলসহ বিভিন্ন চীনা নির্মাতার স্মার্টফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রতিষ্ঠানটিকে।

নকশার দিক থেকে বড় পরিবর্তন না আনলেও আইফোন-১৭-ইর ভেতরের যন্ত্রাংশে উল্লেখযোগ্য হালনাগাদ করা হয়েছে। এতে আগের মতোই ৬ দশমিক ১ ইঞ্চির পর্দা রাখা হয়েছে। তবে যুক্ত হয়েছে আরো টেকসই কাচ, নতুন এ-১৯ চিপ, সি-১-এক্স মডেম এবং ম্যাগসেফ চার্জিং সুবিধা। প্রারম্ভিক সংস্করণেই ২৫৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতা দেয়া হয়েছে, যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সমর্থন। ফলে সুবিধার দিক থেকে এই সংস্করণটি সিরিজের অন্যান্য মডেলের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

অতিরিক্ত ধারণক্ষমতা ও নতুন সুবিধা যুক্ত হলেও মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে মেমোরির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, ফ্ল্যাগশিপ মডেলের মূল কাঠামো অক্ষুণœ রেখে প্রারম্ভিক পর্যায়ের আইফোনকে আরো আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।

আইফোন-১৭-ই গোলাপি, কালো ও সাদা এই তিন রঙে বাজারে আসবে। ৪ মার্চ থেকে অগ্রিম অর্ডার গ্রহণ শুরু হয়েছে এবং ১১ মার্চ থেকে খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

একই সাথে আইপ্যাড এয়ারেও হালনাগাদ এনেছে অ্যাপল। নকশা ও মূল্য অপরিবর্তিত রেখে এতে এম-৩ চিপের পরিবর্তে নতুন এম-৪ চিপ সংযোজন করা হয়েছে। ১১ ইঞ্চি সংস্করণের প্রারম্ভিক মূল্য ৫৯৯ ডলার এবং ১৩ ইঞ্চি সংস্করণের দাম ৭৯৯ ডলারই রাখা হয়েছে। কোম্পানির দাবি, নতুন প্রসেসর আগের প্রজন্মের তুলনায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত দ্রুততর সার্ভিস দেবে।

নতুন আইপ্যাড এয়ারে তারহীন কাজের গতি বাড়ানো হয়েছে এবং মোবাইল ডেটাসমর্থিত সংস্করণে সেলুলার সংযোগ আরো উন্নত করা হয়েছে। সাম্প্রতিক প্রান্তিকে আইপ্যাড বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ট্যাবলেট বাজারে গতি ধরে রাখতে বড় নকশা পরিবর্তনের বদলে কর্মক্ষমতা বৃদ্ধিকেই অগ্রাধিকার দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ম্যাকবুক নিও

ল্যাপটপ সিরিজে ‘ম্যাকবুক নিও’ নামে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপ উন্মোচন করেছে কোম্পানিটি, যার দাম শুরু হচ্ছে ৫৯৯ ডলার থেকে। অ্যাপল বলছে, সাশ্রয়ী মূল্যে সাধারণ গ্রাহক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতেই তাদের এই উদ্যোগ।

মেমোরি চিপের সঙ্কটের কারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানি যেখানে বাজার ধরতে হিমশিম খাচ্ছে সেখানে সাশ্রয়ী মূল্যের পিসি বাজারে নিজেদের পরিধি বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে অ্যাপল। গত কয়েক বছরের মধ্যে পিসি বাজারে অ্যাপলের পক্ষ থেকে বড় চমক ‘ম্যাকবুক নিও’। নতুন এ ম্যাকবুকে ব্যবহৃত হয়েছে ‘এ-১৮-প্রো’ চিপ। এই একই প্রসেসর ২০২৪ সালে বাজারে আসা আইফোন ১৬ প্রো মডেলে ব্যবহৃত হয়েছে। বর্তমানে ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারবেন এবং ১১ মার্চ থেকে তা হাতে পাওয়া যাবে ও দোকানে বিক্রি শুরু হবে।

নতুন ম্যাকবুকের মূল লক্ষ্য, গুগলচালিত ক্রোমবুক ও কম দামি উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীরা। মাইক্রোসফট তাদের ল্যাপটপে ব্যাটারি সাশ্রয়ী ‘আর্ম’ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করলেও তা বাজারে তেমন বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।