টরেন্টো থেকে বিমানের ঢাকাগামী ফ্লাইট রোমে গ্রাউন্ডেড
আজ ঢাকায় ফেরার আশা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কানাডার টরেন্টো থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইটটি রোম বিমানবন্দরে অবতরণের পরপরই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। স্থানীয় প্রকৌশলীরা উড্ডয়ন উপযোগী করতে ব্যর্থ হওয়ায় ঢাকা থেকে অপর একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশসহ একদল প্রকৌশলী গতকাল শনিবার রাতে রোমে পৌঁছে ফ্লাইটটি সচল করার কাজ শুরু করার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতেই যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
গতকাল বিকেল পৌনে ৬টার দিকে (বাংলাদেশ সময়) ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রাউন্ডেড ফ্লাইট এবং যাত্রীদের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে নয়া দিগন্তকে বলেন, ফ্লাইটটি এখনো বিমানবন্দরে গ্রাউন্ডেড হয়ে আছে। ঢাকা থেকে প্রকৌশলী দলের সদস্যরা রওয়ানা হয়েছেন। কিছু সময়ের মধ্য ওই ফ্লাইট রোমে অবতরণ করবে। প্রকৌশলীরা তাদের মেরামত কাজ শুরু করবেন। এরপর ইতালি সময় রাত ১১টা নাগাদ ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়তে পারবে বলে আশা করছি। তিনি বলেন, সব ঠিক থাকলে আগামীকাল (আজ) বেলা ১১টা নাগাদ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। যাত্রীদের ইতালির আবাসিক হোটেলে রাখা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, তারা কেউ এলাউড না। আমরা তাদেরকে বিমানবন্দরে রেখেই খাওয়ার ব্যবস্থা করেছি। এরপর তিনি ব্যস্ত থাকার কথা বলে টেলিফোন লাইন কেটে দেন।
এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রোম বিমানবন্দরে ৩০ ঘণ্টা ধরে ওই ফ্লাইটের ২৬০ জন যাত্রীর মধ্য ১৭০ জন বাংলাদেশীর সময় কাটছে চরম পেরেশানিতে। অনেকে বিমানবন্দরে সময় কাটাতে গিয়ে হাঁফিয়ে উঠছেন। তারা বলছেন বিমান ম্যানেজমেন্টের গাফিলতিতে শুরুতে ফ্লাইটের ভেতরে ৫-৬ ঘণ্টা বসিয়ে রাখা হয় তাদের যা একেবারে অসহনীয় ছিল।