কলেজের প্রভাষকসহ বিভিন্ন স্থানে নিহত ৪

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় একজন প্রভাষকসহ বিভিন্ন স্থানে চারজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ সদর উপজেলায় সিএনজি অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপর নিহত শিপা আক্তার (৩২), ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রভাষক সারোয়ার কাইয়ুম নিহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে শিপা আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে পাম্পে তেল আনতে গিয়ে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহতীর মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহতীর মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল বারেক মোল্লার ছেলে।

জানা যায়, মাহতীর মোল্লা তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পেট্রলপাম্পে তেল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মসজিদের খাদেম মন্টু মিয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম। সোমবার গভীর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

জানা গেছে, রাতে এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।