রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ রেলওয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। দুই দিনব্যাপী এই আয়োজন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি করে।

রেলওয়ে প্রাঙ্গণে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ও মহাব্যবস্থাপক (পূর্ব) মো: সুবক্তগীণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো: আফজাল হোসেন বলেন, ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। কর্মক্ষেত্রে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি রেলওয়ের কর্মপরিবেশকে আরো গতিশীল করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো: নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মাসুদুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন)। এ ছাড়াও মহাব্যবস্থাপক (পশ্চিম) মো: ফরিদ উদ্দিনসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় রেলওয়ের বিভিন্ন জোন ও বিভাগের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনে অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। রেলওয়ের বিশাল এই পরিবারে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। বিজ্ঞপ্তি।