রাশিয়ার লজিস্টিক সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
Printed Edition
আনাদোলু
ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন লজিস্টিক সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আরো ১০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ জানান, মঙ্গলবার রাতে তাদের এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এতে আরমাভির শহরের একটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হন। একই সময়ে ক্রাসনোদারে একটি গুদাম কমপ্লেক্সে হামলায় আহত হন ১০ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ছাড়া কয়েকটি আবাসিক ভবনে ড্রোনের খণ্ডাংশ পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পার্শ্ববর্তী স্ত্যাভরোপোল অঞ্চলের নেভিনোমিস্ক শহরের উপকণ্ঠে একটি গুদাম কমপ্লেক্সে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। সেখানকার গভর্নর ভøাদিমির ভøাদিমিরোভ জানান, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং হামলায় পাঁচজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিসে’র প্রধান নির্বাহী তাতিয়ানা কিম জানান, ক্রাসনোদার ও নেভিনোমিস্কে তাদের লজিস্টিক সেন্টারগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে গত শনিবারেও মস্কো ও তাম্বোভ অঞ্চলে তাদের দু’টি গুদামে ইউক্রেনীয় হামলায় সাতজন নিহত ও প্রায় ৫০ জন আহত হন।