ভোলায় নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস

Printed Edition

ভোলা প্রতিনিধি

ভোলায় একটি স্যালো নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস। অনিয়ন্ত্রিতভাবে গত তিন দিন ধরে প্রাকৃতিক এ গ্যাসের উদগীরণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন অবস্থতায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের জেবল হক মাঝি বাড়িতে স্যালো নলকূল বসায় ওই বাড়ির লোকজন। মাটির ৭০ ফুট নিচে পাইপ বসানোর কাজ শেষ হলে যখন পানি উত্তোলন করার চেষ্টা করা হয়, তখন ওই নলকূপ থেকে পানি বের না হয়ে সো সো শব্দ করে গ্যাস বের হতে থাকে। স্থানীয়রা তখন নলকূলে পরীক্ষার জন্য লাইটার আগুন জ্বালালে নলকূল থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। ওই বাড়ির বাসিন্দা জেবল হক ও নাছিমা এ ঘটনার সত্যতা সম্পর্কে জানিয়েছেন। ওই বাড়ির বাসিন্দা আবু মাঝি, রাবেয়া ও মোসলে উদ্দিন বলেন, গ্যাস নাকি অন্য কিছু তা সরকারিভাবে পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এভাবে আগুন জ্বলতে থাকলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতির সঠিক পরীক্ষার দাবি এলাকাবাসীর। এলাকাবাসী মোসলে উদ্দিনসহ অন্যরা জানান, আমাদের গ্রামে ৩০০ ফুট নিচেও টিউবওয়েল খনন করা হয়েছিল, কিন্তু তখন এমনটি হয়নি, এখন যেহেতু গ্যাস বের হচ্ছে এটি আমাদের জন্য চিন্তার বিষয়। এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বিষয়টির পরীক্ষা-নিরীক্ষার জন্য বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।