ইফতার মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা

সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো পুণ্যের কাজ

Printed Edition
3rd-7
দক্ষিণ চট্টগ্রামে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন : নয়া দিগন্ত

পটিয়া-চন্দনাইশ ও সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের অসচ্ছল ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত সাওয়াব ও পুণ্যের কাজ। পবিত্র মাহে রমজানে আমাদের প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।

শুক্রবার সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘রমাদান কমিউনিটি ইফতার -২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, “রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই আমরা ৭০০ রোজাদারকে নিয়ে এই ইফতারের আয়োজন করেছি। পর্যায়ক্রমে আমরা উপজেলার প্রতিটি অসহায় পরিবারের দ্বারে দ্বারে ইফতার সামগ্রী পৌঁছে দেবো। বিত্তবানদের প্রতি আমার আহ্বান- আপনারা এই পবিত্র মাসে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করবেন এটাই আমার প্রত্যাশা।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় ‘নুরে হাবিব ভিলা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদ, ব্যাংকার আমিনুল হক, ডা: রাগিবুল ইসলাম এবং ডা: এস এম তাজওয়ার তাহির প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।