একই ইফতার টেবিলে বসছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা জামায়াতের আমন্ত্রণ গ্রহণ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার সরকারের এই শীর্ষপর্যায়ের দুই ব্যক্তির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দ : বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) আয়োজিত ইফতার মাহফিলের আনুষ্ঠানিক দাওয়াতপত্র প্রদান করেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন এবং ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। দাওয়াত প্রদানকালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার সাথে টেলিফোনে কুশল বিনিময় করেন। এ সময় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্ত্রী মির্জা ফখরুলকে আমন্ত্রণ : এ দিকে একই দিনে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে গিয়ে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন মাওলানা আবদুল হালিম। মন্ত্রী জামায়াতের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন এবং আমিরে জামায়াতের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।
এ সময় জামায়াতের প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় পর সরকার ও বিরোধী দলের শীর্ষপর্যায়ের নেতাদের একই ইফতার মাহফিলে অংশগ্রহণের এই উদ্যোগ দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।