রিহ্যাব ফেয়ার শুরু কাল থাকছে ২২০ স্টল

Printed Edition
back-2
সিরডাপ মিলনায়তনে রিয়ার ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার শুরু হচ্ছে আবাসন খাতের বৃহৎ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ৪ দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’ যা শেষ হবে আগামী শনিবার। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে দর্শক-ক্রেতারা মেলা পরির্দশন করতে পারবেন।

এবারের মেলায় মোট ২২০টি স্টল থাকছে। এবছর চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১২ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশ নেয়ার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

মেলা উপলক্ষে গতকাল দুপুরে সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ এবং মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস। সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আবদুর রাজ্জাক, রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ, পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মোক্তাদির ও সুরুজ সরদার, রিহ্যাব পরিচালক মো: মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার

মো: মহসিন মিয়া, লায়ন দেওয়ান নাসিরুল হক, মো: কামরুল ইসলাম, মিঞা সেলিম রাজা পিন্টু, ড. হারুন অর রশিদ, মো: মোরশেদুল হাসান, মো: আইয়ুব আলী, শেখ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, ঢাকায় বা যেকোনো জায়গায় আমরা শুধু একটা ফ্ল্যাট বা মাথা গোঁজার ঠাঁই তৈরি করি না, একটা সামাজিক অবস্থানও তৈরি করি। সেই সাথে নিশ্চিত করি ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। আমরা আবাসন ব্যবসায়ীরা সবার জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসনের ব্যবস্থা করতে চাই। নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫-এ পুরনো জটিলতা ও বৈষম্য অনেকাংশে দূর হয়েছে। আশা করি নতুন ড্যাপ ও নতুন বিধিমালা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আবাসন খাতকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে।

তিনি বলেন, এই মেলায় শুধু ফ্ল্যাট বা প্লট কেনাবেচার সুযোগই নয়, গৃহঋণ সুবিধা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বাড়ি নির্মাণে ব্যবহৃত আধুনিক ও মানসম্মত বিভিন্ন উপকরণও সরাসরি দেখার ও যাচাই করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা: ফেরদৌসী বেগম। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনী অধিবেশনের পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। এ বছরের মেলাতেও ৫০ টাকায় সিঙ্গেল এন্ট্রি, ১০০ টাকায় মাল্টিপল এন্ট্রির সুযোগ থাকছে।