বরিশালের ৩টি আসনে ২১ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল, স্থগিত ২
Printed Edition
বরিশাল ব্যুরো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় ছয়টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪, ৫ ও ৬ তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মধ্যে বরিশাল সদর-৫ আসনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া বরিশাল সদর-৫ আসনে একজন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, তিনটি আসনে মোট ২১ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়েছে। এর মধ্যে বাতিল হওয়া দু’জনের একজন হলেন বরিশাল সদর-৫ আসনের খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলম। মনোনয়নপত্রে বিশ পাতায় স্বাক্ষর ও একুশ পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।
অপরদিকে, একই আসনের এক স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০-বি ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
একইভাবে হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসঙ্গতির কারণে বরিশাল সদর-৫ আসনের বাসদের প্রার্থী ডা: মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্রও স্থগিত করা হয়েছে। আজ শনিবার বরিশালের বাকি ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্র।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।