বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগ

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

বেড়িবাঁধে থাকা ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিতের পর এবার তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শহরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে গ্রেফতার দেখানো হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। এ দিকে মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদি হয়ে মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তির নামোল্লেখ এবং অজ্ঞাত দু-তিনজনকে আসামি করা হয়েছে। মামলায় বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবারই মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরনের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন; যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং এ ধরনের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।’