টেস্ট স্কোয়াডে তানজিদ-অমিত
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে দুই চমক। তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।
ওপেনার তানজিদ, যিনি সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ইতোমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন। দলে আরো জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী সফল ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত হাসান, যিনি ২০১৯ সালে অভিষেকের পর থেকে ৮২টি ম্যাচ খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯ গড়ে রান করেছেন।
পেস জুটি তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর প্রথমবারের মতো টেস্ট দলে ফিরলেন। অফ স্পিনার নাঈম হাসানও তার শেষ টেস্ট খেলার প্রায় এক বছর পর দলে ফিরেছেন।
জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার জানান, ‘টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ আমাদের ভাবনায় ছিল। প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো এবং আমরা মনে করেছি, টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক বেশ ভালো এবং সহজাত প্রতিভাও প্রচুর। সুযোগ পেলে সে লং ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারবে।’
অমিতকে নিয়ে বাশার বলেন, ‘আমাদের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান হওয়ায় অমিত দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, তার মেজাজ টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলার প্রয়োজন হয় এবং সে দীর্ঘ সময় ধরে সেই গুণগুলো দেখিয়ে আসছে। এই দুই খেলোয়াড়ের হাতে সময় আছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সেবা করতে পারবে।’
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।