সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

Printed Edition

সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোরে তিনি ইন্তেকাল করেন। গোলাম সারোয়ার মিলন শিক্ষা উপমন্ত্রী (১৯৮৬-৮৭), মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (১৯৮৬-৯০), জেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা ছিলেন। রাজনৈতিক জীবনের নানা বাঁক পেরিয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সমন্বয়ক এবং টকশোতেও সক্রিয় ছিলেন তিনি। তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পরে বাদ আসর পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কবিরাজ বাড়ি মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে ঢাকার আজিমপুর গোরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়। তার জন্ম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামে।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।