রাজধানীতে উচ্ছেদ অভিযানে জরিমানাসহ ৫১ জনের কারাদণ্ড

Printed Edition
Back-4
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় ফুটপাথের অবৈধ দোকানপাট উচ্ছেদে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দুই লাখ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাথ ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডিএমপির সূত্রে জানায়, ফুলবাড়িয়া ট্রাফিক জোনের ফুলবাড়িয়া এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ দিকে যাত্রাবাড়ী জোনে যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে। আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ডিএমপি আরো জানায়, শাহবাগ জোনে ঢাকা মেডিক্যাল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং এলাকা পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎণিক মামলা দেয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়। এ ছাড়াও পল্লবী জোনে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় পরিচালিত অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।