ইসলামী ব্যাংকের ‘সেলফিন অ্যাপে’ যোগ হলো সম্পূর্ণ ভয়েস চালিত সেবা
Printed Edition
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সেলফিন ইকো’ চালু হয়েছে। সম্পূর্ণ ভয়েসভিত্তিক এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীরা হাতের স্পর্শ ছাড়াই শুধুমাত্র ভয়েস কমান্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহক ইংরেজিতে কমান্ড দিলেই ইকো পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে।
উদাহরণস্বরূপ, গ্রাহক ‘শো মি সেলফিন/এমক্যাশ ব্যালেন্স’ বললে সেলফিন ইকো সাথে সাথে ব্যালেন্স প্রদর্শন করে। আবার ‘সেন্ড টেন থাউজ্যান্ড টাকা টু মামুনস অ্যাকাউন্ট’ বললে ফেভারিট লিস্টে সংরক্ষিত ‘মামুন’ নামের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রিভিউ দেখায়। এরপর পিন ও ওটিপি প্রদান করলেই লেনদেন সম্পন্ন হয়।
খিদমাহ ক্রেডিট কার্ড বিলও সম্পূর্ণ ভয়েস কমান্ডে পরিশোধ করা যায়। ‘চেক মাই খিদমাহ বিল অ্যান্ড পে’ বললে ইকো স্বয়ংক্রিয়ভাবে বকেয়া বিল দেখায় ও পেমেন্ট প্রসেস শুরু করে; গ্রাহক শুধু পিন এবং ওটিপি দিয়ে কাজ শেষ করেন।
এটিএম থেকে টাকা উত্তোলন আরো সহজ হয়েছে। ‘জেনারেট টোকেন টু উইথড্রো টোয়েন্টি থাউজ্যান্ড’ বলে অ্যাকাউন্ট নম্বর উচ্চারণ করলেই ইকো একটি উত্তোলন টোকেন তৈরি করে, যা দিয়ে বুথে টাকা উত্তোলন করা যায়। মোবাইল রিচার্জও স্পর্শহীনভাবে করা যায়। ‘রিচার্জ মাই মোবাইল উইথ টোয়েন্টি টাকা’ বললেই স্বয়ংক্রিয়ভাবে ২০ টাকা রিচার্জ হয়ে যায়; সেভ করা কন্টাক্টের নাম বললেও রিচার্জ সম্পন্ন হয়।
লেনদেন ছাড়াও ভয়েস কমান্ডে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লিমিট, চার্জ ও ফি দেখা যায় এবং নির্দিষ্ট সময়ের স্টেটমেন্ট ফিল্টার করাও সম্ভব। লগ-আউট পর্যন্ত ভয়েস দিয়ে করা যায়। স্মার্ট ব্যাংকিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম সেলফিন বর্তমানে প্রায় ৫৭ লাখ গ্রাহক ব্যবহার করছেন। সেলফিন ইকো এখনো কণ্ঠস্বর আরো নিখুঁতভাবে শনাক্ত করার শেখার ধাপে রয়েছে। প্রাথমিকভাবে পিন ও ওটিপি ম্যানুয়ালি দিতে হলেও ভবিষ্যতে এগুলোও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি।