দর্শনা প্রেস ক্লাবে মাদক কারবারিদের হামলা
Printed Edition
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেস ক্লাবে মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র সশস্ত্র হামলা করে ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় প্রেস ক্লাবের এক সদস্য আহত ও মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আজিমপুর গ্রামের আতর আলীর ছেলে চঞ্চলসহ কয়েকজন মাদক কারবারি মদ্যপ অবস্থায় দর্শনা প্রেস ক্লাবের আশপাশে ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে তারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে প্রেস ক্লাবের দেয়ালে প্রসাব করে এবং সেখানে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় প্রেস ক্লাবের অফিস সহকারী আব্বাস আলী বিষয়টি দফতর সম্পাদক আব্দুল হান্নানকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান। এতে চঞ্চল ক্ষিপ্ত হয়ে হান্নানের ওপর হামলা চালায় এবং তার মাথায় আঘাত করে। হান্নান প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন।
কিছুক্ষণ পর চঞ্চলের সাথে থাকা আরো ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক প্রেস ক্লাবে ঢুকে লাইট বন্ধ করে হামলা চালায়। তারা আব্দুল হান্নানকে মারধর করে এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ভাঙচুর করে। এ সময় প্রেস ক্লাব চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দর্শনা থানার ওসি মেহেদী হাসান ও প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।