ওসমান হাদিকে গুলি

দেশজুড়ে ছাত্রশিবিরের বিক্ষোভ কর্মসূচি আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাত ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিলে শুরু হয়ে দৈনিক বাংলা পর্যন্ত বিক্ষোভ করে তারা। মিছিলে কেন্দ্রীয় ও মহানগরী নেতাকর্মীরা অংশ নেন।

এ দিকে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। সারা দেশের ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এর আগে এক বিবৃতিতে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তাকে প্রফেশনাল কিলার দিয়ে টার্গেট কিলিংয়ের চেষ্টা করা হয়েছে, যা নোংরা ও ঘৃণ্য রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

নেতারা আরও বলেন, অনতিবিলম্বে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে হবে। নেতারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন, তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।