আফ্রিকার দেশের সাথে নিয়মিত রাজনৈতিক আলোচনা প্রয়োজন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলো বহুপক্ষীয় পর্যায়ে পরস্পরকে ব্যাপকভাবে সহযোগিতা করে। এখন নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনার জরুরি প্রয়োজন। এ ধরনের উদ্যোগ পারস্পরিক বোঝাপড়াকে আরো গভীর করবে এবং বিভিন্ন খাতে অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করবে।

তিনি মঙ্গলবার সেনেগালের ডাকারে আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ‘ডাকার আন্তর্জাতিক ফোরাম’-এর সাইডলাইনে অনুষ্ঠিত একাধিক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফ্রিকান প্রতিনিধিদের সাথে প্রতিমন্ত্রীর আলোচনা অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছে, কূটনৈতিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করেছে এবং একাধিক খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য যৌথ অঙ্গীকারকে তুলে ধরেছে।

গিনির পররাষ্ট্রমন্ত্রী মরিসান্দা কুয়াতের সাথে শামা ওবায়েদের দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি, বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতা জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো উপায় নিয়ে আলোচনা হয়েছে। তারা খনিজ সম্পদ, পোশাক ও বস্ত্র এবং ওষুধ শিল্পকে ভবিষ্যৎ সহযোগিতার জন্য সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেছেন।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোডু এনজির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট মোকাবিলা, বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনায় দেশটির অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাম্বিয়ার মন্ত্রী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। উভয় পক্ষ ওআইসির মতো বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদার করার পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর কেন্দ্রীভূত ছিল। মালিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দিওপে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষ জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে সহযোগিতা আরো গভীর করতে এবং গ্লোবাল সাউথের স্বার্থ এগিয়ে নিতে সম্মত হন।

এ ছাড়া শামা ওবায়েদ নাইজারের পররাষ্ট্র, সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী বাকারী ইয়াউ সাঙ্গা এবং অ্যাঙ্গোলার পররাষ্ট্রমন্ত্রী এসমেরালদা ব্রাভো কোন্দে দা সিলভা মেন্দোঙ্কার সাথেও বৈঠক করেন।

এদিকে ইথিওপিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন টিমোথেওসের সাথে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশ ও ইথিওপিয়া বর্ধিত অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে।

দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়- উভয় ক্ষেত্রেই সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।