ফিফা সভাপতির সমালোচনায় সেফ ব্লাটার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করলেন সাবেক সভাপতি সেফ ব্লাটার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্রিশ্চিয়ানো রোনালদো ও সৌদি আরব ইস্যুতে সমালোচনা করে ব্লাটার বলেন, ইনফান্তিনো ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় কাজ করার তুলনায় বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণে বেশি ব্যস্ত। ফিফা কর্তৃক ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ প্রদানেরও সমালোচনা করেন তিনি। কেন ট্রাম্পকে এ পুরস্কার দেয়া হচ্ছে। আর ফিফাই বা কেন এ পুরস্কার দেবে?
ক্রিশ্চিয়ানোর রোনালদোর শাস্তি পর্যবেক্ষণমূলক স্থগিত করাকেও পক্ষপাতিত্বমূলক একটি ভুল বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, রোনালদো শাস্তি মূলতবির কয়েকদিন আগে হোয়াইট হাউজের একটি নৈশভোজে রোনালদোর সাথে হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন ফিফা সভাপতি। তার কয়েকদিন পরই শাস্তি মুলতবি হয়। এ কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে আর বাধা রইল না পর্তুগিজ তারকার।
এ ছাড়া সৌদি আরবকে ফুটবলের নতুন পরিচালক বানাচ্ছেন ফিফা সভাপতি এমন অভিযোগও তুলেন ব্লাটার। যদিও ব্লাটার সভাপতি থাকাকলীন সময়েই সৌদি আরবের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আবহাওয়া প্রতিকূলতা থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ফুটবল প্রসারের পরিকল্পনা তার আমলেই হয়েছিল। ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজন করবে জেদ্দা। এ জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ব্লাটার ১৯৯৮-২০১৫ পর্যন্ত ফিফা পরিচালনার দায়িত্বে ছিলেন। অবশেষে দুর্নীতির দায়ে পদত্যাগ করেন। যদিও কিছু অভিযোগ থেকে এ বছর মুক্তি পেয়েছেন তিনি।