ফটিকছড়িতে এলজিইডি কার্যালয়ে ছাত্রদল নেতার ভাঙচুর

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে ঢুকে এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত ও সরকারি সরঞ্জাম ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক।

গত সোমবার বিকেলে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন হৃদয় উপসহকারী প্রকৌশলী আতা উল্লাহর কক্ষে ঢুকে হিসাবরক্ষকের ব্যক্তিগত ফোন নম্বর চান। নম্বর দিতে বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কক্ষের একটি প্রিন্টার আছাড় দিয়ে ভেঙে ফেলেন তিনি। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, সরকারি অফিসে ঢুকে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, অফিসারের সাথে কেবল কথাকাটাকাটি হয়েছে। প্রিন্টার ভাঙার দাবিটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। মঙ্গলবার বিকেলে এ বিষয়ে উভয় পক্ষকে ডেকেছে উপজেলা প্রশাসন।