নববর্ষ ঘিরে উৎসবমুখর রাজধানী
Printed Edition
সাংস্কৃতিক প্রতিবেদক
পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তি ঘিরে নগরীজুড়ে চলছে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড। এর মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও আলিয়ঁস ফ্রঁসেজ, রবীন্দ্র সরোবর ঢাকার বিনোদন স্পটগুলো এখন উৎসবমুখর। অন্য দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিরপুররের দ্যা রিভার এজ রেস্তোরাঁ, আগারগাঁওয়ে এয়ার ফোর্স বেইজক্যাম্প ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পাঁচদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে জারিগান, পটেরগান, বাউলগান, পুঁথিপাঠ, কবিগান, গাজিরগান, গম্ভীরা, জালালগীতি, ভাওয়াইয়া, বিভিন্ন সংগঠনের সমবেত নৃত্য, একাডেমির কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা, তারকা শিল্পীদের পরিবেশনা ও ব্যান্ডসঙ্গীত, ভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠান সূচিতে থাকবে, রহিম বাদশা রূপবান কন্যা, পুতুলনাট্য পরিবেশনা বাছেরের বিয়ে। থাকছে অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী। অন্য দিকে, বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ও লোকশিল্প কর্মশালাও অনুষ্ঠিত হবে।
নাট্যদল বটতলার নন্দিত নাটক ‘খনা’-এর ১০০তম মঞ্চায়ন উপলক্ষে দুই দিনব্যাপী বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব গতকাল শুরু হয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
উৎসবে রয়েছে যন্ত্রসঙ্গীত, গান, ব্রতচারী ও ঐতিহ্যবাহী নৃত্য, আবৃত্তি এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন। পাশাপাশি রয়েছে মৃৎশিল্প কর্মশালা ‘মাটির পাঠশালা’ ও আর্ট ক্যাম্প ‘আঁকিবুকিতে বসন্ত’। দর্শনার্থীদের জন্য থাকছে পাপেট শো, লাঠিখেলা ও ধুয়া গান পরিবেশনা। এ ছাড়া প্রাকৃত সমাজের উদ্যোগে দেশীয় কৃষিপণ্য, কারুপণ্য, পোশাক ও বই নিয়ে বসবে মেলা। প্যারিসভিত্তিক পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও কবি আমীরুল আরহামের সৃষ্টিকর্মকে কেন্দ্র করে ঢাকায় শুরু হয়েছে বিশেষ ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ। তিন দিনব্যাপী এ আয়োজনের দায়িত্বে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। ধানমন্ডির অডিটোরিয়াম ন্যুভেল ভগে প্রতিদিন বিকেল ৩টা ও ৫টায় দু’টি করে মোট ছয়টি ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শিত সিনেমাগুলোতে উঠে এসেছে ইতিহাস, সমাজ বাস্তবতা এবং সমকালীন অভিজ্ঞতার নানা দিক।
আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ‘শান্তিনিকেতন - ইকোস অব টাইম’ সিনেমার বিশ্ব প্রিমিয়ার, যা প্রথমবারের মতো দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রতিদিন প্রদর্শনী শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব। সেখানে দর্শকেরা সরাসরি নির্মাতার সাথে মতবিনিময়ের সুযোগ পাবেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪-২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। গুলশানের আলোকিতে ১৩-১৪ এপ্রিল ‘অর্ক বৈশাখ ১৪৩৩’ উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়াও, পুরান ঢাকার চকবাজার ও বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী মেলা বসবে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ জানায়, ১৪ এপ্রিল উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। যেখানে নাচ, গান, নাগরদোলার আয়োজন থাকবে। থাকবে বৈশাখী খাবারের ব্যবস্থা। মিরপুরের দ্যা রিভার এজ রেস্তোরাঁয় ১২-১৫ এপ্রিল চারদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে। আগারগাঁওয়ে এয়ার ফোর্স বেইজক্যাম্পে ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় থাকছে নানা আয়োজন।
এ ছাড়া, ৯-১৪ এপ্রিল ছয় দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় তিন শতাধিক দেশীয় পণ্যের স্টল থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।