সাধারণ বীমার জয় ও ৩ লাল কার্ডের ম্যাচ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল জয় পেয়েছে সাধারণ বীমা করপোরেশন। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের ২-১ গোলে জয় সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদার বিপক্ষে। বিজয়ী দলের সবুজ শেখ ও সাকিব সুলতান রাফু গোল করেন। মুগদার পক্ষে গোলদাতা সাগর মিয়া। দিনের অন্য ম্যাচে গোলরক্ষক রাকিবের ভুলে শীর্ষে থাকা যাত্রাবাড়ী ক্রীড়া চক্র প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর সমতা আনে। তিন লাল কার্ডের ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইস্ট অ্যান্ডের শাওন আলীর ফ্রি-কিক থেকে যাত্রাবাড়ীর বিপক্ষে গোল করেন। তার শট রাকিবের হাত ফসকে জালে যায়। উল্লেখ্য, রাকিব এবারের সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সর্বোচ্চ পারিশ্রমিকধারী (এক লাখ টাকা) খেলোয়াড় ছিলেন মোহামেডানে। অবশ্য ৬৭ মিনিটে রাজউদ্দিনের গোলে ম্যাচটি ড্র করে এখনো অপরাজিত আছে কোচ আরমান হোসাইনের দল যাত্রাবাড়ী। ম্যাচের ৮৯ মিনিটে এই রাজউদ্দিন লাল কার্ড পান। একই সময়ে রেফারি লাল কার্ড দেখান ইস্ট অ্যান্ডের আবু দাউদ ইমনকে। এর আগে ৮০ মিনিটে লাল কার্ড পান ইস্ট অ্যান্ডের মেহেদী হাসান।