আগাছানাশক ছিটিয়ে পীরগঞ্জে প্রতিবন্ধী কৃষকের গমক্ষেত নষ্ট
Printed Edition
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক প্রতিবন্ধী কৃষকের গমক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঁচন ডুমুরিয়া গ্রামে।
ভুক্তভোগী কৃষক আইনুল হক জানান, ঋণ নিয়ে নিজের ৩১ শতক জমিতে গম চাষ করেছিলেন তিনি। ফসলও ভালো অবস্থায় ছিল। তবে বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখেন সবুজ গম হলুদ হয়ে শুকিয়ে গেছে। তার দাবি, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুরো ক্ষেত নষ্ট করেছে। এই জমির ফসলই ছিল তার একমাত্র আয়ের ভরসা।
প্রতিবেশী আহসান হাবীব বলেন, একজন প্রতিবন্ধী কৃষকের ফসল নষ্ট করা অমানবিক ও নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে মাঠপর্যায়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পীরগঞ্জ থানার ওসি মাজারুল ইসলাম জানান, এখনো থানায় কোনো অভিযোগ আসেনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।