২০ রোজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বকেয়াসহ মজুরি বোনাস দাবিতে মানববন্ধন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
২০ রমজানের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া মজুরিসহ বোনাস দেয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্ট শ্রমিক জোট বাংলাদেশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মাহাতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আনিছুজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, নারী নেত্রী রুবিনা, আশুলিয়া থানা আঞ্চলিক সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুর রহমান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাহাত করপোরেশনের মফিজুল মারুফ, আব্দুল মতিন, হারুন অর রশীদ, সুমন আহমেদ প্রমুখ।
মো: তৌহিদুর রহমান বলেন, দেশের মেহনতি মানুষের প্রত্যাশা বর্তমান সরকার বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় গৃহীত শ্রম সংস্কার কার্যক্রম অব্যাহত রাখাসহ আগামীতে শ্রমজীবীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাবে। তিনি গার্মেন্টসহ সব শিল্প কারখানায় শ্রম আইন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম জোরদার করার দাবি জানান।
নেতারা বলেন, আগামী ২০ রমজানের মধ্যে দাবি-দাওয়া মেনে না নেয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে সে জন্য বর্তমান সরকারই দায়ী থাকবেন।
সভায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করার অপরাধে রাহাত করপোরেশন থেকে ৩৫ শ্রমিককে অবৈধভাবে চাকরিচ্যুতসহ ৯ জনকে মিথ্যা ফৌজদারি মামলার আসামি করার তীব্র নিন্দা জানানো হয়। নেতারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুত সবাইকে কাজে পুনর্বহালের জোর দাবি জানান।