অভ্যুত্থান চেষ্টাকারীদের শাস্তির প্রত্যয় বেনিন প্রেসিডেন্টের

Printed Edition

রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস টালোন জানিয়েছেন, দেশটির সরকার ও সশস্ত্রবাহিনী একদল সেনার চালানো অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। অভ্যুত্থানের প্রচেষ্টাকারীদের শাস্তি দেয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় টালোন এ ঘোষণা দেন। এর প্রায় ১২ ঘণ্টা আগে বেনিনের বৃহত্তম শহর ও ব্যাণিজ্য কেন্দ্র কোতনুর বেশ কয়েকটি এলাকায় প্রথম গুলির শব্দ শোনা যায়। এ সময় একদল সেনা দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে গিয়ে বলেন, তারা টালোনকে ক্ষমতাচ্যুত করেছেন। কিন্তু পরে টালোন টেলিভিশনে সম্প্রচারিত তার নিজের বিবৃতিতে বলেন, ‘সেনারা দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়ে আমাদের অবস্থান পুনরুদ্ধার এবং বিদ্রোহীদের শেষ প্রতিরোধমূলক অবস্থানগুলো পরিষ্কার করেছে। এই প্রতিশ্রুতি ও সংহতি আমাদের সক্ষম করেছে ওই হঠকারীদের পরাজিত করতে এবং আমাদের দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। এই বিশ্বাসঘাতকতার শাস্তি হবে।’ টালোন বলেছেন, অভ্যুত্থান চেষ্টায় যারা হতাহত হয়েছেন এবং পালিয়ে যাওয়া বিদ্রোহীরা যেসব লোককে পণবন্দী করেছে তার চিন্তা এখন তাদের নিয়ে।