দুই বছরেও ফেরেননি পাথরঘাটার ২৫ জেলে

Printed Edition

এএসএম জসিম পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরতে গিয়ে দুই বছরেও ফিরে আসেননি ২৫ জেলে। ২০২৩ সালের ১৭ নভেম্বর হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলী’র কবলে পড়ে ট্রলারডুবিতে তারা নিখোঁজ হন। এখনো তাদের অপেক্ষায়, প্রিয়জন কোনোভাবে ফিরে আসবেন, এ আশায় দিন গুনছেন স্বজনরা।

ঘূর্ণিঝড় মিধিলী ১৪ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ১৮ নভেম্বর বিলীন হয়ে যায়। ওই দুর্যোগে সাতজন নিহত, ১১৩ জন নিখোঁজ ও ৭০ জনের বেশি আহত হন। শুধু পাথরঘাটা উপজেলারই নিখোঁজ হন ২৫ জেলে, যাদের খোঁজ আজো মেলেনি। নিখোঁজ জেলেদের বয়স ২০ থেকে ৭৩ বছরের মধ্যে; সবাইর বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। নিখোঁজ কালু মাঝির মেয়ে রাইসা মনি জানান, বাবা দু’বছর ধরে নিখোঁজ। সংসার চলছে অনাহারে-অর্ধাহারে। মায়ের অসুস্থতার চিকিৎসাও করাতে পারছি না। ইউসুফ আলীর ভাই ইয়াকুব বলেন, দুই সন্তান রেখে ভাই সাগরে গিয়েছিল। আর ফিরে আসেনি। বাচ্চাদের মুখ দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। বাবা-মা এখনো অপেক্ষা করেন, হয়তো আজ ফিরবে।

উপকূল গবেষক শফিকুল ইসলাম খোকন জানান, পাথরঘাটায় ১৯৯৩ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নিখোঁজ সব জেলেদের তালিকা নিয়ে স্মৃতিফলক তৈরি হয়েছে। জিডিপিতে মৎস্য খাতের উল্লেখযোগ্য অবদান থাকলেও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কেউ কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তিনি উপকূলীয় উন্নয়ন বোর্ড ও আলাদা উপকূল মন্ত্রণালয় গঠনের দাবি জানান। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় এখনই ভাবনার সময়। নিখোঁজ পরিবারগুলোকে সরকারি সহযোগিতা দেয়া হচ্ছে এবং তা চলমান থাকবে। নিখোঁজ ২৫ জেলের পরিবার এখনো অপেক্ষায়, কখনো হয়তো ভেসে আসবে কোনো খোঁজ, কোনো আশা।