মাকে বাঁচাতে চান হাফেজ আব্দুল আহাদ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বাসিন্দা হাফেজ আব্দুল আহাদ আজ এক মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি। চার বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী তার মা শাহিনুর বেগম। দীর্ঘ দিন ধরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও এখনো সুস্থতা মেলেনি। চিকিৎসকদের মতে, তার মায়ের মেরুদণ্ডে জটিল সমস্যা দেখা দিয়েছে এবং অস্ত্রোপচার জরুরি, যার ব্যয় প্রায় দুই লাখ টাকা।
অসহায় এই পরিবারের একমাত্র উপার্জনকারী আহাদের বাবা বাদল খান। তিনি অটোচালক ও দিনমজুর হিসেবে কাজ করেন। কিন্তু তার সামান্য আয়ে সংসারের ন্যূনতম খরচই জোগানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিবারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি আব্দুল আহাদকে একটি মসজিদে ইমামতি করতে হচ্ছে। সেখান থেকে যে অল্প বেতন পান, তা দিয়ে কষ্টে-সৃষ্টে ওষুধের ব্যবস্থা করা হয়।
২১ বছর বয়সী আব্দুল আহাদ জানান, মায়ের চিকিৎসায় ইতোমধ্যে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন অপারেশনের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু আমার মাকে বাঁচাতে চাই।’
বর্তমানে এই পরিবারটি চরম আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছে। মানবিক হৃদয়ের মানুষের সহায়তা পেলে হয়তো নতুন জীবন পেতে পারেন শাহিনুর বেগম। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন হাফেজ আব্দুল আহাদ। সহযোগিতা করা যাবে আহাদের এই নম্বরে-০১৯৬০৩৭৩১৭৭ (বিকাশ)।