প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

এবার ঈদযাত্রার সময় বাড়তি ভাড়া নিলে সেই বাসের রুট পারমিট বাতিল করা হবে। আর সড়ক মহাসড়কের কোথাও চাঁদাবাজি করারও সুযোগ নাই। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম একথা বলেন।

ঈদযাত্রার আগে পরিবহনের ভাড়া বেড়ে যায়- এই বিষয়ে মন্ত্রী বলেন, বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে একটি টাকা বেশি নিলে আমাদেরকে জানান, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সভায় পরিবহন মালিকরা ছিলেন, তারা ভাড়া বেশি নেবেন না বলে নিশ্চিত করেছেন বলেও জানান মন্ত্রী। এসি বাসের ভাড়া তো নির্ধারণ করা নাই, তারা ইচ্ছেমতো ভাড়া আদায় করে থাকে- এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কোনো বাসেরই ইচ্ছেমতো ভাড়া নেয়ার সুযোগ নাই। নির্ধারিত ভাড়া অনুমোদিত কি না, সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছামতো কোনো ভাড়া নিতে পারে না।

ঈদের সময় কেউ অতিরিক্ত ভাড়া নিলে সেই বাস কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন? এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, সত্যিকারে ব্যবস্থা নেবো। সেটা আপনারা দেখতে পাবেন। কী ধরনের ব্যবস্থা নেবেন- এ বিষয়ে তিনি বলেন, যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে রুট পারমিট বাতিল করা হবে। ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে, তাকে শাস্তির আওতায় আসতে হবে। ঈদযাত্রা উপলে পথে পথে চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, এখানে মনিটরিং করার দরকার, সেটা আছে। ভ্রাম্যমাণ আদালত আছে, হাইওয়ে পুলিশ সজাগ আছে। বিশেষ করে স্থানীয়ভাবে পুলিশ, প্রশাসন সক্রিয়। পরিবহন নেতারা আছেন। তারাও সক্রিয়। মন্ত্রী সবার সহযোগিতা চেয়ে বলেন, গতবার ঈদযাত্রা ভালো হয়েছিল। এবার আমরা আরো ভালো করার চেষ্টা করছি।