চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব : স্বাস্থ্য উপদেষ্টা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

আমাদের হাতে সময় বেশি দিন নেই, ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় বেলার এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন এবং ক্যাথল্যাব-এর কার্যক্রম উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম আর সিলেটের ছেলেমেয়েরা নার্সিং পড়ার আগ্রহ কম। নার্সিং পেশাকে তারা অসম্মানজনক মনে করে। যার কারণে দেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে নার্স নিয়োগ দিতে হয়। তিনি এই জেলার ছেলেমেয়েদেরকে নার্সিং পেশায় আসার আহ্বান জানান এবং এ পেশার কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন।

উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি। তিনি জেলার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে চিকিৎসা খাতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: তসলিম উদ্দিনের সভাপতিত্বে হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আনিসুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা: হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: ওমর ফারুক ইউসুফ।