কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ আতঙ্কে এলাকাবাসী
Printed Edition
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের পিঞ্জুরি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির দোতলা ভবনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সুমন শেখ জানান, তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় খাবার খাওয়ার সময় হঠাৎ বাইরে থেকে একাধিক বিকট শব্দ শোনা যায়। পরে তিনি দ্বিতীয় তলায় গিয়ে দেখেন, শয়নকক্ষের জানালার কাঁচ ভাঙা এবং সেখানে চারটি গুলির চিহ্ন রয়েছে।
ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত ও পরিদর্শন করে। তবে হামলার কারণ বা জড়িতদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ তদন্তের স্বার্থে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।