জাপানি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ খুবি শিক্ষার্থীদের

Printed Edition

খুবি প্রতিনিধি

জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও গবেষণার সুযোগ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (গঊঢঞ) স্পেশাল রিকমেন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে ২০২৬ সালের অক্টোবর ইনটেকের জন্য এ সুযোগ দেয়া হচ্ছে।

এই কর্মসূচির আওতায় খুবির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এ উপলক্ষে গতকাল খুবির ইউআরপি লেকচার থিয়েটারে একটি ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম। তিনি বলেন, জাপানের মতো প্রযুক্তি ও গবেষণায় অগ্রসর দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ খুবি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি এই উদ্যোগের সূচনাকারী খুবির ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: শামীম আহসানকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগিয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্রিফিং সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন) প্রফেসর হানাওয়া মাসানোরি। তিনি প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, গবেষণার সুযোগ, স্কলারশিপ সুবিধা এবং জাপানে শিক্ষাজীবনের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।