সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

টিটন হত্যা ভিন্ন খাতে নিতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে পিচ্চি হেলাল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল নিজেকে বাঁচাতে খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে পিচ্চি হেলাল রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রভাব বিস্তার এবং আসন্ন কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পিতভাবে টিটনকে হত্যা করেছে।

গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার বাদি ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল রাতে আমার ছোট ভাই টিটনকে হত্যার পর প্রধান আসামি পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ড ছড়িয়ে দিয়ে নানা ধরনের মিথ্যাচার করছে। সে আমাদের পারিবারিক কলহের যে দাবি করেছে তা সম্পূর্ণ বানোয়াট। এআই দিয়ে তৈরি ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মূলত তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করতে অপকৌশল অবলম্বন করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের ১১ ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমার বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সাথে আমাদের কোনো বিরোধ নেই। ইমন একজন উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মামলার প্রধান আসামি পিচ্চি হেলাল নিজের অপরাধ ঢাকতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

অডিও রেকর্ড ফরেনসিক করার চ্যালেঞ্জের জবাবে তিনি বলেন, আমি আমার ফোন ফরেনসিকে দিতে প্রস্তুত। তবে দাবি জানাচ্ছি, পিচ্চি হেলালের ব্যবহৃত সব কয়টি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিকে পাঠানো হোক। তাহলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ভয়ঙ্কর এই খুনি ও চাঁদাবাজ কখনো নিজের অপরাধ স্বীকার করে না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পিচ্চি হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজু হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হত্যাকাণ্ডের দেড় মাস আগে টিটন তার ভাইকে জানিয়েছিলেন যে, হেলাল তাকে হত্যার নীলনকশা করছে। এ ছাড়া জেলখানায় থাকাকালেও টিটনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়েছিল।