জামালপুর অর্থনৈতিক অঞ্চল

১০ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি বিপাকে শিল্প মালিকরা

বিদ্যুৎ সঙ্কট, যন্ত্রপাতির ক্ষতি, উৎপাদন ব্যাহত আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা

Printed Edition

খাদেমুল বাবুল জামালপুর

১০ বছর আগে উচ্চ প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হলেও জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) আজও পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি। ৪৩৬ দশমিক ৯২ একর জমিতে গড়ে ওঠা এ অঞ্চলে ৩৩০ কোটি টাকা বিনিয়োগের পরও অধিকাংশ শিল্প প্লট পরিত্যক্ত পড়ে আছে। এরই মধ্যে উৎপাদনে যাওয়া একমাত্র প্রতিষ্ঠান ‘ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ’ চরম বিপাকে পড়েছে বিদ্যুৎ সঙ্কটের কারণে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঘন ঘন লোডশেডিং, কম ভোল্টেজ এবং পূর্বঘোষণা ছাড়া বিদ্যুৎ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বারবার ভোল্টেজ ওঠানামায় যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে, এমনকি আগুনও লেগেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রধান পরিচালনা কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে কারখানা চালানো অসম্ভব হয়ে পড়বে।’

সরেজমিন দেখা যায়, বিশাল এলাকার অধিকাংশ প্লট গোচারণভূমিতে পরিণত হয়েছে। অন্দর সড়ক ভাঙাচোরা, নেই কোনো নিরাপত্তাব্যবস্থা। যে কারণে অসংখ্য বহিরাগত লোকজন অবাধে চলাচল করছে। হাতেগোনা কয়েকটি কারখানার নির্মাণকাজ চললেও বাকি প্লটগুলো অযতেœ শূন্য পড়ে আছে।

স্থানীয় বাসিন্দাদের হতাশা দিন দিন বাড়ছে। সাইফুল ইসলাম নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘শিল্প কারখানা হবে, এমন আশায় ছিলাম। কিন্তু এখন এটা যেন ভুতুড়ে এলাকা।’ স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ‘কাজ নেই, কর্মসংস্থান নেই, শুধু সাইনবোর্ড পড়ে আছে।’

বেজা সূত্র জানায়, ২২টি প্রতিষ্ঠান এখানে জমি নিলেও এখনো মাত্র একটি কারখানা আংশিক উৎপাদনে গেছে। কয়েকটি প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে, তবে গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদন শুরু করতে পারছে না। সুইফট সিলড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গ্যাস সংযোগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিদ্যুৎ পেলেও গ্যাস না পেলে উৎপাদন সম্ভব নয়।’

জামালপুর অর্থনৈতিক অঞ্চলের পরিচালক আবু হেলাল জানান, বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা পূরণে সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ চলছে। দ্রুত সময়ের মধ্যেই অঞ্চলটি পূর্ণ সক্ষমতায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

কৃষিনির্ভর ও নদীভাঙন কবলিত জামালপুরের মানুষের আশা, অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে বদলে যাবে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের চিত্র।